প্রচ্ছদ > আন্তর্জাতিক >

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগের’ খবর নিয়ে যা জানা গেল

article-img

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের খবরকে ‘সম্পূর্ণ বাজে কথা ও মিথ্যা’ বলে অভিহিত করেছেন তার দপ্তরের একজন ঊর্ধ্বতন সদস্য।

ইরানের প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ ও তথ্য বিভাগের উপ-পরিচালক মেহদি তাবাতাবাই এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘মিথ্যাবাদী, প্রতারক এবং বেপরোয়া চরমপন্থিদের একটি অশুভ জোট পবিত্র ঐক্য এবং জাতীয় সংহতিকে লক্ষ্যবস্তু করেছে।’

এর আগে, ইরানের একজন ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি মন্তব্য করেছিলেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করেছেন যে ‘পেজেশকিয়ান যদি আবারও পদত্যাগ করেন’ তবে তা গ্রহণ করা হবে। 

ইরানের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল।

এদিকে, বিবিসি ফার্সির খবরে বলা হয়েছে, ইরানের বিভিন্ন গণমাধ্যম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি ভিডিও বক্তব্যের অংশ সম্প্রচার করেছে, যেখানে তিনি বলেছেন, ‘আমি পদত্যাগ করব না এবং অবিচল থাকব।’

ভিডিওটিতে পেজেশকিয়ান বলেন, ‘আমরা সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ যোগাযোগে রয়েছি।’

ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ-সংক্রান্ত ঘটনাসহ বর্তমান পরিস্থিতি নিয়ে পেজেশকিয়ানের বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও ও পাঠ্য শিগগিরই প্রকাশ করা হবে।


আরো খবর